সোশ্যাল মিডিয়া ব্যবহারের অভিজ্ঞতায় নিয়মিত পরিবর্তন আনছে মেটা। এবার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের জন্য আলাদা করে একটি নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে মেটা।
বিভিন্ন সূত্রের তথ্যে জানা গেছে, এই সাবস্ক্রিপশন বর্তমান ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবার সঙ্গে যুক্ত নয়। এতে এমন কিছু বিশেষ সুবিধা থাকবে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে না।
এতদিন এই তিনটি প্ল্যাটফর্মই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা গেলেও, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বড় বিনিয়োগ ও উন্নত ফিচারের বাড়তে থাকা চাহিদার কারণে মেটা নতুন আয়ের পথ খুঁজছে। প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে বলা হচ্ছে, প্রিমিয়াম প্ল্যানে যুক্ত হতে পারে সংস্থার উন্নত এআই টুল ও স্মার্ট ফিচার।
প্রিমিয়াম ব্যবহারকারীরা পেতে পারেন স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরির উন্নত সুবিধা এবং স্বয়ংক্রিয় কাজ সহজ করার টুল। ইনস্টাগ্রামে এআই-নির্ভর নতুন ফিচার, যেমন ‘ভাইবস’—যার মাধ্যমে ছোট ও সৃজনশীল এআই ভিডিও তৈরি করা যাবে—যোগ হতে পারে।
এছাড়া ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দীর্ঘদিনের কিছু চাহিদাও এই প্ল্যানে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন—কে আপনাকে ফলো করছে না তা দেখার সুবিধা, কিংবা অন্য ব্যক্তি বুঝতে না দিয়ে স্টোরি দেখার অপশন। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও উন্নত চ্যাট ফিচার, অতিরিক্ত কাস্টমাইজেশন ও এআই-চালিত সুবিধা যুক্ত হতে পারে।
তবে এখনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে মেটা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সাবস্ক্রিপশন নেওয়া পুরোপুরি ব্যবহারকারীর ইচ্ছার ওপর নির্ভর করবে। যারা টাকা খরচ করতে চান না, তারা আগের মতোই বিনামূল্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
এদিকে প্রিমিয়াম সেবাকে কেন্দ্র করে গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠলেও, মেটার দাবি—ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।