যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাস্তবায়ন করবে সরকার, অগ্রাধিকার পাবে দেশের স্বার্থ
শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্র-এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করবে, তবে সবক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সোমবার (২৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকলেও জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না।
রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে এ বিষয়ে কার্যকর অগ্রগতি হয়নি। বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় আরও জটিল এবং সীমান্ত এলাকা অত্যন্ত অস্থির অবস্থায় রয়েছে।
তিনি বলেন, মিয়ানমার সীমান্ত পরিস্থিতি বিবেচনায় রেখে রোহিঙ্গা প্রত্যাবাসন (রিপ্যাট্রিয়েশন) প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। এজন্য বিষয়টিকে রাজনৈতিক ও কূটনৈতিক—দুই দিক থেকেই গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা চলছে।
প্রতিমন্ত্রী আরও জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি—উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেন, টেকসই সমাধানের জন্য সেখানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি, যাতে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে পারে।
তিনি আরও জানান, মিয়ানমারে নতুন সরকার গঠনের পর তাদের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে এবং এ বিষয়ে ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।