তেলের পর্যাপ্ত মজুদ, সংকটের আশঙ্কা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ার কারণেই সাময়িকভাবে সরবরাহে চাপ তৈরি হয়েছে। তবে মজুদ পর্যাপ্ত থাকায় উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, চাহিদা ও সরবরাহের মধ্যে সাময়িক একটি ব্যবধান তৈরি হয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, যা স্বাভাবিক বিষয়।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করলে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং সবাই প্রয়োজন অনুযায়ী তেল পাবেন।
তেলের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে কাজ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে সরকার এখনো তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।