বঙ্গোপসাগরের লঘুচাপে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির ১২০ ঘণ্টার (৫ দিনের) পূর্বাভাসে বলা হয়, পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি তৈরি হয়েছে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়ে আবহাওয়া কিছুটা সহনীয় রাখতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ২৫ ও ২৬ মার্চ ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ এবং চট্টগ্রাম বিভাগসহ কয়েকটি অঞ্চলের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে, ২৭ মার্চ বৃষ্টির প্রবণতা প্রধানত রংপুর বিভাগে সীমাবদ্ধ থাকতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এ সময় দিন ও রাতের তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।