ভারত থেকে জ্বালানি আমদানিতে সবুজ সংকেত, প্রবাসীদের নিরাপত্তায় তৎপর সরকার
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সরকার বিকল্প উৎস হিসেবে ভারতের সঙ্গে কাজ এগিয়ে নিচ্ছে।
এদিকে, ভারতে গ্রেপ্তার শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনস্যুলার অ্যাক্সেস পায়নি বাংলাদেশ। তবে শিগগিরই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতকদের ফেরত আনার বিষয়েও দেশটির হাইকমিশনারের সঙ্গে আলোচনা চলছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব মিশন সার্বক্ষণিক কাজ করছে। বিশেষ করে ইরান-এ থাকা দুই হাজারের বেশি বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন। তারা দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ ছাড়া ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন শামা ওবায়েদ।