ভারত থেকে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে
ভারতে পলাতক ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ভারত থেকে আসামিদের হস্তান্তর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
এসময় তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যা শুরু হয়, যা স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি করে। তৎকালীন মেজর জিয়াউর রহমান ওই ঘটনার পর চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজারবাগের পুলিশ সদস্যদের আত্মত্যাগের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয় এবং জাতি চিরদিন তাদের এই অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।