মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরব ত্যাগ করতে না পারা বাংলাদেশিদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বুধবার (২৫ মার্চ) রিয়াদ-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাস-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি যেসব বাংলাদেশির ভিজিট, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ শেষ হয়েছে কিন্তু তারা এখনো সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে ১৮ এপ্রিলের পূর্বে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়েছে।
এতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো দিন টিকিট কেটে সরাসরি বিমানবন্দরে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে।
এ সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই এবং ভিসার মেয়াদ বৃদ্ধি ছাড়াই প্রবাসীরা দেশটি ছাড়তে পারবেন।
দূতাবাস আরও সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে হতে পারে।