যাত্রীসহ বাস ফেরিতে তোলা যাবে না: কঠোর নির্দেশ সেতুমন্ত্রীর
নৌ দুর্ঘটনা ও ফেরি পারাপারে ঝুঁকি এড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ বিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এখন থেকে ফেরিতে বাস তোলার আগে অবশ্যই সব যাত্রীকে নামিয়ে দিতে হবে; কোনো অবস্থাতেই যাত্রীসহ বাস ফেরিতে তোলা যাবে না।
রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
মন্ত্রী আরও জানান, ফেরিতে নিরাপত্তা বাড়াতে রেলিং স্থাপন বাধ্যতামূলক করা হবে। এতে গাড়ি ওঠানামার সময় বা ঢেউয়ের কারণে দুর্ঘটনার ঝুঁকি কমবে।
শেখ রবিউল আলম বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। যাত্রীসহ বাস ফেরিতে উঠলে দুর্ঘটনার ঝুঁকি ও প্রাণহানির সম্ভাবনা বাড়ে। তাই যাত্রীদের নামিয়ে খালি বাস ফেরিতে তোলার নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে।’
সচিবালয়ের ওই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ফেরি পারাপারে নিরাপত্তা আরও জোরদার হবে।