৬ ধরনের টিকার মজুত ফুরিয়েছে, ঝুঁকিতে শিশু স্বাস্থ্যসেবা
দেশে শিশুদের জন্য গুরুত্বপূর্ণ ৬ ধরনের টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় টিকাদান কার্যক্রমে সংকট তৈরি হয়েছে। প্রতি বছর জন্ম নেওয়া প্রায় ৪০ লাখ শিশুর জন্য ১২টি রোগ প্রতিরোধে ৯ ধরনের টিকা দেওয়া হলেও বর্তমানে হাম-রুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া-ধনুষ্টার ও হেপাটাইটিস-বি টিকার ঘাটতি দেখা দিয়েছে।
তবে স্বাস্থ্য অধিদফতর দাবি করেছে, মাঠপর্যায়ে এখনো টিকার সরবরাহ রয়েছে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় অপারেশনাল প্ল্যান (ওপি) বাতিল হওয়ায় টিকা কার্যক্রমে বিঘ্ন ঘটে। ফলে দেশের বিভিন্ন এলাকায় অনেক শিশু টিকা থেকে বঞ্চিত হয় এবং টিকাদানের হার কমে যায়।
পরবর্তীতে সরকার টিকা ক্রয়ে বিশেষ বরাদ্দ দেয়, যার মধ্যে শিশুদের টিকার জন্য ৮৪২ কোটি টাকা নির্ধারণ করা হয়। তবে সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারের মাধ্যমে টিকা সংগ্রহের সিদ্ধান্ত এবং প্রশাসনিক জটিলতায় দীর্ঘ সময় পার হয়ে যায়।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান জানান, আগে টিকা সরাসরি ইউনিসেফ থেকে কেনা হলেও নতুন সিদ্ধান্তে আংশিক টেন্ডার প্রক্রিয়া যুক্ত হওয়ায় জটিলতা তৈরি হয়েছে।