স্কুল সময়ের যানজট কমাতে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীতে স্কুল চলাকালীন তীব্র যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ–এর সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, স্কুলের সময় রাজধানীতে যানজট কীভাবে কমানো যায় এবং কী ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব—তা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রস্তাবনা তৈরি করে জমা দিতে বলা হয়েছে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি স্কুলে দেড়শ শিক্ষার্থীর জন্য প্রায় ১০০টি গাড়ি একসঙ্গে জমা হওয়ায় বড় ধরনের যানজট সৃষ্টি হচ্ছে, যা শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি বাড়াচ্ছে।
এছাড়া একই দিনে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এবং নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।