বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়জলবায়ু ট্রাস্টে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে নানা উদ্যোগ: পরিবেশ মন্ত্রী

জলবায়ু ট্রাস্টে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে নানা উদ্যোগ: পরিবেশ মন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
জলবায়ু ট্রাস্টে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে নানা উদ্যোগ: পরিবেশ মন্ত্রী

জলবায়ু ট্রাস্টের কার্যক্রম এবং ট্রাস্ট ফান্ড থেকে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু খাতে সুশাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ খাতে ওঠা সব অভিযোগ গুরুত্বসহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দলের সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনে জলবায়ু পরিবর্তন তহবিলের অর্থ ব্যবহারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। ওই প্রতিবেদনে বিগত ১৪ বছরে প্রায় দুই হাজার ১১০ কোটি টাকার দুর্নীতির কথা উল্লেখ করা হয়, যা বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।

তিনি বলেন, ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ট্রাস্ট ফান্ডের প্রকল্প সংক্রান্ত তথ্য দুদককে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ট্রাস্ট ফান্ডের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে—প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের অনলাইন প্রক্রিয়া চালু, পিপিএস সফটওয়্যারে অন্তর্ভুক্তকরণ, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রকল্প নির্বাচন গাইডলাইন প্রণয়ন, ১২ সদস্যবিশিষ্ট কারিগরি সাব-কমিটি গঠন, প্রকল্পের ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু, ট্রাস্ট ফান্ড ব্যবহারের নীতিমালা সংশোধন এবং স্থায়ী তহবিল ব্যবস্থাপনার গাইডলাইন প্রণয়ন ও হালনাগাদ।