ভারত সফরে ইতিবাচক অগ্রগতি, শিগগিরই চালু হতে পারে মেডিকেল ও ব্যবসায়িক ভিসা
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সাম্প্রতিক India সফরকে ঘিরে দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো—বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ে ভারতের সম্মতি।
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে নিয়মিত বৈঠক শেষে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
তিনি বলেন, খুব দ্রুত মেডিকেল ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামী সপ্তাহেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে।
এছাড়া মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারেন—এ বিষয়ে ভারতকে বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন।
অন্যদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই আসামিকে ভারতে গ্রেফতার করা হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে SAARC-ভুক্ত দেশগুলোর কোনো একটিতে প্রথম সফর হতে পারে বলে বিষয়টি বিবেচনায় রয়েছে।