বেগমগঞ্জে সিএনজি দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধে বিক্ষোভ
নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন দীপ দেবনাথ (১৬) নামে আরেক শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বুধবার (৫ মে) বেলা ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তার মাইজদী–বেগমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়-এর চলমান এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে বের হয়ে তন্ময় তার বন্ধু দীপ দেবনাথের সঙ্গে বাইরে যান। বেলা ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
এদিকে তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান জানান, আহত শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।