সাজেকে অনিয়ম তুলে ধরায় নারী কনটেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগ
রাঙামাটি-এর সাজেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার পর এক নারী কনটেন্ট ক্রিয়েটরকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রিতা চাকমা অভিযোগ করেন, অনিয়মের বিষয়টি প্রকাশ করার পর স্থানীয় কিছু শিক্ষক ও প্রভাবশালী ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন এবং এলাকা ছাড়ার হুমকি দেন।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অবস্থিত ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ দীর্ঘদিন ধরে শিক্ষকদের অনুপস্থিতি, দায়িত্বে অবহেলা এবং ভাড়াটে শিক্ষক দিয়ে পাঠদান চালানোর মতো অনিয়ম চলছে।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এখনো জরাজীর্ণ টিনশেড ভবনে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর দাবি অনুযায়ী, সেখানে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও প্রশাসনিক অব্যবস্থাপনা বিদ্যমান, যেখানে মাত্র একজন প্রধান শিক্ষক ও একজন অস্থায়ী শিক্ষক দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন মহল থেকে ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।