নির্বাচনের পর রাজনৈতিক তৎপরতা: জামায়াত নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াত আমিরের বাসায় প্রবেশ করেন তিনি। এ সময় ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান ডা. শফিকুর রহমান।
সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি সূত্র জানিয়েছিল, রবিবার সন্ধ্যা ৭টায় জামায়াত আমিরের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
তারেক রহমানের আগমন উপলক্ষে জামায়াত আমিরের বাসভবনের আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের তিনটি আসনসহ বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২টি।