শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্সে ৫% করের প্রস্তাব: কংগ্রেসে পাস, প্রবাসীদের মধ্যে উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্সে ৫% করের প্রস্তাব: কংগ্রেসে পাস, প্রবাসীদের মধ্যে উদ্বেগ

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্সে ৫% করের প্রস্তাব: কংগ্রেসে পাস, প্রবাসীদের মধ্যে উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে বিদেশে অর্থ পাঠানো বা রেমিট্যান্সের ওপর ৫ শতাংশ হারে কর বসানোর একটি প্রস্তাব দেশটির কংগ্রেসের নিম্নকক্ষে পাস হয়েছে। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে পরিচিত এই প্রস্তাবিত কর ও ব্যয়সংক্রান্ত মেগা বিলটি বৃহস্পতিবার (২২ মে) স্থানীয় সময় ২১৫-২১৪ ভোটে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হয়। এখন এটি সিনেটের অনুমোদনের অপেক্ষায়। পাস হলে তা আইনে পরিণত হবে।

বিলটি পাস হলে যুক্তরাষ্ট্র থেকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো ব্যয়বহুল হয়ে পড়বে, যা প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিশেষ করে বাংলাদেশিসহ উন্নয়নশীল দেশের নাগরিকদের ওপর এর সরাসরি প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রস্তাবিত আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিক ছাড়াও এইচ-১বি, এফ-১ ভিসাধারী এবং গ্রিনকার্ডধারীরা এই করের আওতায় পড়বেন।

ট্রাম্প প্রশাসন দাবি করেছে, প্রবাসীরা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাঠানোর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতি সামাল দিতে ও অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে বিদেশে অর্থ প্রেরণে কর আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘বিগ বিউটিফুল বিল’–এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন শুধু কর আরোপ নয়, বরং সরকারি ব্যয়ে বড় ধরনের কাটছাঁট এবং কর হ্রাসের প্রস্তাবও দিয়েছে। এতে ‘মেডিকেইড’ (নিম্ন আয়ের নাগরিকদের চিকিৎসা সহায়তা) ও ‘ফুড স্ট্যাম্প’ কর্মসূচিতে বরাদ্দ কমানোর কথাও বলা হয়েছে।

এদিকে, হাউস স্পিকার মাইক জনসন বিলটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক "নতুন পরিবর্তনের সূচনা" বলে আখ্যায়িত করেছেন।