জ্ঞানেশ হটাও আন্দোলন ঘিরে উত্তেজনা, দিল্লিমুখী ২৫০টির বেশি ট্রেন বাতিল
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলন ঘিরে দিল্লিতে উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শনিবার (১০ অক্টোবর) ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে বিভিন্ন রাজ্য থেকে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিনগামী ২৫০টিরও বেশি ট্রেন ও লোকাল ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, শনিবারের বিক্ষোভের জন্য ককরোচ জনতা পার্টিকে অনুমতি দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলন নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে।
তবে অনুমতি না পেলেও আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নিতে সমর্থকদের সংগঠিত করার কার্যক্রম অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি।
বিশ্লেষকদের মতে, এর আগে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ঘিরে ২০ জুলাই যে বিশৃঙ্খলা ও পুলিশের তৎপরতা দেখা গিয়েছিল, তা এখনো সংশ্লিষ্ট পক্ষগুলোর মনে রয়েছে। ওই ঘটনার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে এবারের বিক্ষোভের পরিণতি আগের ঘটনাগুলোর তুলনায় ভিন্ন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।