দিল্লিতে সিজেপির বিক্ষোভে যাওয়ার আগেই ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক
ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) গুরগাঁওয়ের সেক্টর ৫৬ এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে নিউজ১৮-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে সিজেপির বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল ধ্রুব রাঠির। তবে বিক্ষোভ শুরু হওয়ার আগেই তাঁকে আটক করে পুলিশ।
নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল প্রায় ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের একটি দল ধ্রুব রাঠির বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁর মা দরজা খুলে দেন। পরে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে অবস্থিত বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতেও তাঁর বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্যকে জড়ো হতে দেখা গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ধ্রুব রাঠিকে আটকের সুনির্দিষ্ট কারণ কী এবং আটকের পর তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি।