রবিবার , ১১ অক্টোবর ২০২৬
রবিবার , ১১ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দিল্লি পৌঁছেই আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন নেতা

দিল্লি পৌঁছেই আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন নেতা

favicon
ভোরের আলো ডেস্ক:
দিল্লি পৌঁছেই আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন নেতা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লি। কর্মসূচি শুরুর আগেই দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। আটক অন্য দুজন হলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। সিজেপির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর তাঁদের আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি।


দলটির কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের যন্তর মন্তরে জড়ো হওয়া ঠেকাতে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।


এ ছাড়া আন্দোলনকারীদের চলাচল নিয়ন্ত্রণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ বসানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


তবে আটক তিন নেতার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে কিংবা তাঁদের পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।