রবিবার , ১১ অক্টোবর ২০২৬
রবিবার , ১১ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দিল্লিতে ‘যন্তর-মন্তর ২.০’ আন্দোলন ঘিরে ধরপাকড়, আটক প্রায় ৫০০

দিল্লিতে ‘যন্তর-মন্তর ২.০’ আন্দোলন ঘিরে ধরপাকড়, আটক প্রায় ৫০০

favicon
ভোরের আলো ডেস্ক:
দিল্লিতে ‘যন্তর-মন্তর ২.০’ আন্দোলন ঘিরে ধরপাকড়, আটক প্রায় ৫০০

ভারতের রাজধানী নয়াদিল্লিতে তরুণদের ‘যন্তর-মন্তর ২.০’ আন্দোলন ঘিরে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। বিক্ষোভ ঠেকাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। দেশটির নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ক্যাম্পেইন ফর জুডিশিয়াল প্রোটেস্ট’ (সিজেপি) আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে আসা প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


বিক্ষোভ শুরুর আগেই আটক করা হয়েছে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ দলটির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে। তাঁদের বহনকারী উড়োজাহাজ দিল্লি বিমানবন্দরে অবতরণের পরপরই সেখানে প্রবেশ করে পুলিশ। পরে তাঁদের আটক করা হয়।


এদিকে, হরিয়ানার গুরুগ্রামে নিজের বাসভবন থেকে আটক করা হয়েছে আলোচিত কনটেন্ট নির্মাতা ধ্রুব রাঠিকেও। রাজধানী দিল্লির পাশের এই শহরে তাঁর বাড়ি থেকেই তাঁকে হেফাজতে নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


দিল্লির বিভিন্ন এলাকায় চলছে ধরপাকড় ও তল্লাশি। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সশস্ত্র পুলিশ মোতায়েনের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। নিরাপত্তার অংশ হিসেবে ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং বাতিল করা হয়েছে শত শত ট্রেনের যাত্রা।


অন্য রাজ্য থেকে বিক্ষোভকারীরা যাতে দিল্লিতে প্রবেশ করতে না পারেন, সে জন্যও কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। আন্দোলন ঠেকাতে গত শুক্রবার থেকেই রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়।


প্রতিবেদন অনুযায়ী, দিল্লি পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ২৩ হাজারের বেশি সদস্য পুরো শহরে মোতায়েন রয়েছেন। বিক্ষোভের আগে থেকেই ব্যাপক নিরাপত্তাব্যবস্থা ও ধরপাকড়ের কারণে রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।