দিল্লিতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক কেজরিওয়াল
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আটক হয়েছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
শনিবার (১০ অক্টোবর) নিজের বাসভবনের বাইরে থেকে তাঁকে আটক করে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার ও আটকের ঘটনার মধ্যে এ ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘যন্তর মন্তর ২.০’ শীর্ষক কর্মসূচির লক্ষ্য ছিল ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার প্রতিবাদ জানানো এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করা।
আটক হওয়ার পর বাসের ভেতর থেকে একটি ভিডিও প্রকাশ করেন কেজরিওয়াল। ভিডিওতে তাঁকে অন্য আটক ব্যক্তিদের সঙ্গে বসে থাকতে দেখা যায়। এ সময় ‘জ্ঞানেশ কুমার, পদত্যাগ করুন’ স্লোগান শোনা যায়। আম আদমি পার্টির জ্যেষ্ঠ নেতা সঞ্জয় সিংসহ দলের আরও কয়েকজন নেতাকেও ভিডিওতে দেখা গেছে।
এর আগের দিন সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। শনিবারের কর্মসূচিকে ঘিরে তাঁকে আটকের ঘটনা সামনে আসে।