সোমবার , ১২ অক্টোবর ২০২৬
সোমবার , ১২ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দিল্লিতে বিক্ষোভের আগে বিরোধী নেতা ও তরুণ আন্দোলনকারীদের গ্রেপ্তার, নিন্দা আসিফ মাহমুদের

দিল্লিতে বিক্ষোভের আগে বিরোধী নেতা ও তরুণ আন্দোলনকারীদের গ্রেপ্তার, নিন্দা আসিফ মাহমুদের

favicon
ভোরের আলো ডেস্ক:
দিল্লিতে বিক্ষোভের আগে বিরোধী নেতা ও তরুণ আন্দোলনকারীদের গ্রেপ্তার, নিন্দা আসিফ মাহমুদের

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচির আগে বিরোধী রাজনৈতিক নেতা ও তরুণ আন্দোলনকারীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে আটক বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।


শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন আসিফ মাহমুদ। আটক ব্যক্তিদের মধ্যে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।


বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত তরুণদের কণ্ঠরোধ করার উদ্যোগ হতাশাজনক। বিক্ষোভের আগেই তরুণ আন্দোলনকারীদের গ্রেপ্তারের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।


তিনি আরও বলেন, প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ ঠেকাতে ভারতে শত শত ট্রেনের সময়সূচি বাতিল, বাস চলাচল স্থগিত, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং প্রতিবাদস্থলে ব্যারিকেড স্থাপনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব ব্যবস্থা গণতান্ত্রিক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর গুরুতর আঘাত বলে মন্তব্য করেন তিনি।


বিশ্বের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই মুখপাত্র বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে আন্দোলন করতে গিয়ে সরকারি দমন-পীড়নের মুখে পড়া ভারতের তরুণদের পাশে দাঁড়ানো উচিত। একই সঙ্গে আটক বিক্ষোভকারীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।


**যে দাবিতে আন্দোলন**


ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে অনিয়ম এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে তরুণদের রাজনৈতিক সংগঠন সিজেপি।


এই দাবিতে শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির আয়োজনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি।


**বিক্ষোভের আগেই আটক**


প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ কর্মসূচি শুরুর আগে শনিবার সকালে মুম্বাই থেকে বিমানে দিল্লি পৌঁছানোর পর বিমানবন্দরের রানওয়েতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও তাঁর সহযোগীদের আটক করে দিল্লি পুলিশ। এ ছাড়া গুরুগ্রাম থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব ধ্রুব রাঠীকে হেফাজতে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।


এদিকে বিক্ষোভ ঘিরে দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যন্তর মন্তর এলাকায় ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়ের অভিযোগ উঠেছে।


আটক ব্যক্তিদের মুক্তি এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করার দাবিতে আসিফ মাহমুদের এই বক্তব্য ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।