সুপ্রিম কোর্টের নির্দেশের পরও দিল্লিতে বিক্ষোভকারীদের আটক করছে পুলিশ
ভারতের রাজধানী দিল্লিতে শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের আটক না করার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ধরপাকড় অব্যাহত রেখেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রোববার (১১ অক্টোবর) আবারও কনট প্লেস এলাকায় জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় তাঁদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার নেতা জন ব্রিটাসও রয়েছেন। এদিন প্রায় ১০০ বিক্ষোভকারীকে দুটি বাসে তুলে ওই এলাকা থেকে সরিয়ে নেয় পুলিশ।
বিক্ষোভকারীদের ধরপাকড়ের সময় একটি বার্গারের দোকান থেকেও এক ব্যক্তিকে টেনে বের করে আনে পুলিশ। ঘটনার একটি ভিডিওতে ওই ব্যক্তিকে পুলিশ সদস্যদের বলতে শোনা যায়, তিনি শুধু সেখানে দাঁড়িয়ে ছিলেন এবং পুলিশের সঙ্গে যেতে চান না। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে দিল্লির আর কে আশ্রম এলাকা থেকে অন্তত চার সাংবাদিককেও অল্প সময়ের জন্য আটক করা হয়। পরে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের আটকের ঘটনায় দিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ও পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।