জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দিল্লিতে ইন্ডিয়া জোটের মহাকর্মসূচি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ সোমবার দিল্লিতে মহাকর্মসূচি পালন করবে বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়া। এ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীতে জড়ো হচ্ছেন জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা।
যন্তর-মন্তর এলাকায় চলমান বিক্ষোভে পুলিশি দমন-পীড়নের অভিযোগ তুলে এ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী জোট। এর আগে পুলিশি বাধা ও ধরপাকড় উপেক্ষা করে দিল্লির রাজপথে নেমে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।
এদিকে, আটকের এক দিন পর রোববার মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ এবং তার দুই সহযোগী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। মুক্তির পর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এ ছাড়া আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠীও মুক্তি পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে বিরোধী জোটের এ কর্মসূচি ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।