রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১ ও আহত ১১
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। দেশটির বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১১ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে একটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করা হয়। এতে সেখানে আগুন ধরে যায়। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতাহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
সৌদি জোট বাহিনী জানিয়েছে, বিমানবন্দরের কাছাকাছি এলাকায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। পরে পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়। এ ছাড়া খামিস মুশাইত শহর লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ভোরে দক্ষিণাঞ্চলীয় আভা শহরে জরুরি সতর্কবার্তা জারি করা হলেও পরে বিপদের আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
### দাম্মাম বিমানবন্দরেও হামলা
রিয়াদের পাশাপাশি সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। রোববার রাতে বিমানবন্দরটির স্থাপনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তা পরিদর্শনের কাজ চলার কথা জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি উড়োজাহাজের ভেতর থেকে তিনি বিমানবন্দরের রানওয়েতে পার্ক করা কয়েকটি উড়োজাহাজের পাশে একটি বস্তু আঘাত হানতে দেখেন। এতে আগুন ধরে যায়। পরে উড়োজাহাজটি নির্ধারিত গেটে ফিরে আসে এবং যাত্রীদের নামিয়ে বিমানবন্দর ত্যাগ করতে বলা হয়।
ফ্লাইট চলাচলের তথ্য অনুযায়ী, দাম্মাম বিমানবন্দরে রোববার একাধিক ফ্লাইটের অবতরণ ও উড্ডয়নে বিলম্ব হয়। কয়েকটি ফ্লাইট বাতিলও করা হয়।
### আরও হামলার দায় স্বীকার হুতিদের
রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে শনিবারের হামলার দায় স্বীকার করেন ইয়েমেনের হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি দাবি করেন, সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম বিমানবন্দর এবং দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর দুটি স্থাপনাতেও হামলা চালিয়েছে তাদের গোষ্ঠী।
তবে এসব হামলার বিষয়ে মন্তব্য জানতে সৌদি সরকারের মিডিয়া অফিস ও আরামকোর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করার বিষয়ে সতর্কবার্তা দেয় হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, হামলা প্রতিহত করতে ব্যর্থ হলে এর দায় সৌদি আরবকেই নিতে হবে।
নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবে অবস্থিত ব্রিটিশ দূতাবাস দেশটিতে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জেদ্দা, দাম্মাম ও মদিনা ছাড়া অন্যান্য বিমানবন্দরে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের উদ্দেশে বা দেশটির আকাশসীমা ব্যবহার করে উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকতে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ দেশটির এয়ারলাইনসগুলোকে নির্দেশনা দিয়েছে।
### সৌদি-হুতি সংঘাত ঘিরে উত্তেজনা
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। অন্যদিকে, হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই করছে।
হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১২৪টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। রোববার আল-মাসিরা টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ইয়েমেনে সৌদি আরবের সামরিক তৎপরতা ও হস্তক্ষেপ বন্ধ না হলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রও অংশ নেবে কি না, তা বিবেচনা করা হচ্ছে। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ এগিয়ে নিতে সহায়তার বিষয়ে তেহরানের প্রস্তুতির কথাও জানান তিনি।
### হামলার মধ্যেও চলছে জ্বালানি সম্মেলন
নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যেও রোববার রিয়াদে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ডব্লিউপিসি এনার্জির পাঁচ দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ বিমানবন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের একটি সম্মেলনকেন্দ্রে আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে আন্তর্জাতিক জ্বালানি ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকও হয়েছে।
এদিকে, নিরাপত্তা পরিস্থিতির কারণে জার্মানির অর্থনীতিমন্ত্রী ক্যাথারিনা রাইখের রিয়াদ থেকে বার্লিনে ফেরার ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর দেশে ফেরার জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছেন জার্মান কর্মকর্তারা।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজধানী রিয়াদের স্কুলগুলোতে সশরীরে পাঠদানের পরিবর্তে অনলাইনে ক্লাস চলবে।