এআই খাতে বিনিয়োগে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে, লাভবান এশিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অবকাঠামোতে বড় ধরনের বিনিয়োগ বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে ধরে রাখতে ভূমিকা রাখছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তাঁর মতে, এ বিনিয়োগের ফলে এশিয়ার বিভিন্ন অর্থনীতি উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহকারী থাইল্যান্ডের মতো দেশও এ বিনিয়োগের সুফল পাচ্ছে।
জর্জিয়েভা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের প্রবণতা অর্থনীতিতে চাহিদা ও বিনিয়োগ—উভয় ক্ষেত্রেই বড় পরিবর্তন এনেছে। এর ফলে এশিয়ার উন্নত অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি শূন্য দশমিক ৫ থেকে ১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে, এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি বাড়তে পারে শূন্য দশমিক ২ থেকে শূন্য দশমিক ৮ শতাংশ পর্যন্ত।
থাইল্যান্ডের রাজধানীতে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, এআই খাতে বিনিয়োগের ফলে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে ধরে রাখা সম্ভব হচ্ছে। তবে জ্বালানি সরবরাহে সংকট বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পথে বাধা সৃষ্টি করছে।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে বিনিয়োগ বাড়লে যন্ত্রপাতি উৎপাদন, সরবরাহব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হয়।