পাকিস্তানের করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি
পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জনসাধারণের ভোগান্তি কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সোমবার (১২ অক্টোবর) করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভির জারি করা এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম *ডন*।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করাচির প্রধান সড়ক, মোড় ও চত্বরগুলোতে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও মিছিলের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। জরুরি সেবার যানবাহন চলাচল এবং হাসপাতালে যাতায়াতের পথও বাধাগ্রস্ত হচ্ছে।
এ পরিস্থিতি বিবেচনায় করাচি বিভাগের বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে পাঁচজনের বেশি মানুষের জমায়েতও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের জমায়েত ও কর্মসূচি থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। জনশান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষ ও জরুরি সেবার যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর পর্যন্ত পাঁচজনের বেশি মানুষের জনসমাগমের পাশাপাশি যেকোনো ধরনের প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান ধর্মঘট, সমাবেশ ও মিছিল আয়োজন, পরিচালনা বা আহ্বান করা যাবে না। এসব কর্মসূচিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করাও নিষিদ্ধ করা হয়েছে।