ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টে ইন্ডিয়া জোটের আবেদন
ভারতের ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধিসহ জোটের ১১ নেতা সোমবার (১২ অক্টোবর) এ আবেদন করেন।
আবেদনে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকে বিবাদী করা হয়েছে। আইনজীবী এস প্রসন্নের মাধ্যমে আবেদনটি দাখিল করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও অসংগতির বিষয়টি আবেদনে তুলে ধরেছেন বিরোধী নেতারা। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তসংক্রান্ত সব নথি আদালতে তলব করার পাশাপাশি ঘটনার স্বাধীন তদন্তেরও আবেদন জানিয়েছেন তাঁরা।
রাহুল গান্ধি ছাড়াও আবেদনকারীদের মধ্যে রয়েছেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সৌগত রায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী প্রসাদ যাদব।
এ ছাড়া রয়েছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত, সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবি, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সংসদ সদস্য মহুয়া মাঝি, এনসিপি (শরদ পাওয়ার) নেত্রী সুপ্রিয়া সুলে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সংসদ সদস্য ইটি মোহাম্মদ বশির।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আবেদনটি মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠতে পারে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে কয়েক দিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছে বিরোধী জোট। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের সময় অনিয়মের মাধ্যমে অনেক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও জানিয়েছেন বিরোধী নেতারা।