বিদেশি চাপের মুখে পারমাণবিক প্রকল্প থেকে সরে আসবে না ইরান
বিদেশি শক্তির চাপের মুখেও পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার থেকে ইরানকে বঞ্চিত করার অধিকার কোনো বিদেশি শক্তির নেই।
রোববার (১১ অক্টোবর) তেহরানে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ এসলামি বলেন, যুক্তরাষ্ট্র নিজস্ব পারমাণবিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। অথচ ইরানের ক্ষেত্রে একই ধরনের প্রযুক্তি ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে। তিনি এ অবস্থানের সমালোচনা করে বলেন, পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ইরানের অধিকার অস্বীকার করার সুযোগ কোনো বিদেশি শক্তির নেই।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আরও জানান, যুদ্ধের চাপ ও বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও দেশটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা থেকে সরে আসছে না। তেহরানের লক্ষ্য, ভবিষ্যতে ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা গড়ে তোলা।
তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, আন্তর্জাতিক চাপের মধ্যেও পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা অব্যাহত রাখতে চায় ইরান।