রাহুল গান্ধীদের আবেদনে ১৪ ত্রুটি, আজ শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্টে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধিসহ বিরোধী জোটের ১১ নেতার করা আবেদনে ১৪টি ত্রুটি পেয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি। এ কারণে মঙ্গলবার (১৩ অক্টোবর) আবেদনটির শুনানি হচ্ছে না। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আবেদনে পাওয়া ত্রুটিগুলোর মধ্যে রয়েছে আদালত ফি বাবদ ২২০ রুপির ঘাটতি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের অস্পষ্ট ফটোকপি এবং ১১ জন আবেদনকারীর মধ্যে ৯ জনের ওকালতনামা না থাকা।
আবেদনকারীদের আইনজীবীরা ত্রুটিগুলো সংশোধন করে বুধবার (১৪ অক্টোবর) শুনানির জন্য আবেদনটি তালিকাভুক্ত করার অনুরোধ জানিয়েছেন।
নির্বাচন কমিশনের কার্যক্রম ও কথিত নির্বাচনী অনিয়মের বিষয়ে স্বাধীন তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বিরোধী নেতারা। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম স্থগিত রাখার আবেদনও জানিয়েছেন তাঁরা।
আবেদনে অভিযোগ করা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এককভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে ২০২৫ সালের জুনে এসআইআর কার্যক্রম শুরুর সিদ্ধান্তও রয়েছে।
আবেদনে নির্বাচন কমিশন এবং তিন নির্বাচন কমিশনার—জ্ঞানেশ কুমার, সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশিকে বিবাদী করা হয়েছে।
বিরোধী নেতাদের দাবি, ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে সুপ্রিম কোর্টের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না এবং নির্বাচন কমিশন সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তাঁদের মতে, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই আদালতের শরণাপন্ন হয়েছেন তাঁরা।
এর আগে সোমবার (১২ অক্টোবর) রাহুল গান্ধি নিজে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে আবেদন জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও বিরোধী জোটের অন্য নেতারা।
আবেদন জমা দেওয়ার আগে বিরোধী নেতারা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে একটি মিছিল করেন। তবে সুপ্রিম কোর্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে পুলিশের ব্যারিকেডে মিছিলটি আটকে দেওয়া হয়।