ঘুম নষ্টের অভিযোগে হামলার আগাম সতর্কবার্তা বন্ধ রেখেছিল সৌদি আরব
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার আগে সাধারণ মানুষকে কোনো আগাম সতর্কবার্তা দেওয়া হয়নি। রাতে সতর্কবার্তা পেয়ে ঘুমের ব্যাঘাত ঘটায় নাগরিকদের অভিযোগের কারণে সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে রিয়াদের বিমানবন্দরে চার দফা হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। তবে এসব হামলার আগে সাধারণ মানুষের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। সতর্কব্যবস্থা কেন কার্যকর ছিল না, সে বিষয়ে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।
গত মে মাসে সৌদি আরব মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে আগাম সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু করে। কিন্তু হুথিদের হামলার ঝুঁকি বাড়লেও গত সপ্তাহের হামলার আগে এ ব্যবস্থা থেকে কোনো বার্তা দেওয়া হয়নি। সর্বশেষ সতর্কবার্তা জারি করা হয়েছিল ২৯ সেপ্টেম্বর, দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে।
হামলার আগে সৌদি আরবের মিত্র একটি পশ্চিমা দেশের কর্মকর্তারা দেশটির কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলেন, কেন আগাম সতর্কবার্তা দেওয়া বন্ধ রাখা হয়েছে। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, সৌদি কর্তৃপক্ষের বক্তব্য ছিল, সতর্কবার্তার কারণে জনজীবনে বিঘ্ন ঘটছিল। বিশেষ করে রাতে সতর্কবার্তা পেয়ে ঘুম ভেঙে যাওয়ায় অনেক নাগরিক অভিযোগ করেছিলেন।
তবে এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
**নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন**
সৌদি আরব ইয়েমেনের ইরানপন্থি হুথিদের সঙ্গে সংঘাতে জড়িত। একই সঙ্গে দেশটি স্বাভাবিক পরিস্থিতির ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করছে। তবে বিমানবন্দরে হামলার আগে সাধারণ মানুষকে সতর্ক না করায় দেশটির নিরাপত্তাব্যবস্থা এবং নাগরিক ও বিদেশি দর্শনার্থীদের সুরক্ষা দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইকেল র্যাটনি বলেন, হামলার বিষয়ে জনসাধারণকে কীভাবে জানানো হবে, তা নিয়ে রিয়াদ ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। তবে সতর্কবার্তা না দেওয়ার কারণে হামলা নিয়ে মানুষের উদ্বেগ আরও বেড়েছে।
তিনি বলেন, হুথিদের হামলার জবাব দিতে চায় সৌদি আরব। কিন্তু এর ফলে দেশের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হোক, সেটিও দেশটি চায় না। অথচ আগাম সতর্কবার্তা না দেওয়ার ফলে যে উদ্বেগ তৈরি হয়েছে, সরকার সেটি এড়াতে চেয়েছিল।
**উপসাগরীয় দেশগুলোর সতর্কবার্তা ব্যবস্থা**
প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় দেশগুলো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে সম্ভাব্য হামলার আগে সাধারণ মানুষকে সতর্ক করার ক্ষেত্রে দেশগুলোর পদ্ধতিতে পার্থক্য রয়েছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় প্রতিটি হামলার আগে মোবাইল ফোনে সতর্কবার্তা দিয়েছে। বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে এবং জানালা থেকে দূরে থাকার নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে, বাহরাইন ও কুয়েতে বারবার সাইরেন বাজিয়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরবে সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা বন্ধ থাকলেও দেশটিতে অবস্থিত পশ্চিমা দূতাবাসগুলো নিজেদের কর্মীদের জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে অভ্যন্তরীণ সতর্কতা জারি করছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা তথ্য এবং সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব সতর্কবার্তা দেওয়া হতো।
তবে গত শনিবারের বিমানবন্দর হামলার আগেও দূতাবাসগুলো কোনো অভ্যন্তরীণ সতর্কতা পায়নি। গত সপ্তাহের হামলাগুলোর মধ্যে শনিবারের হামলাটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী।
সোমবার সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রিয়াদসহ দক্ষিণাঞ্চলীয় কয়েকটি শহরে সম্ভাব্য হুমকি নিয়ে আবারও সতর্কবার্তা জারি করে। তবে বিমানবন্দরে হামলার পরই আগাম সতর্কবার্তা দেওয়ার কার্যক্রম পুনরায় শুরু হয়েছিল কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।