বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › জেরুজালেমে দূতাবাস চালু করল কলম্বিয়া, ইসরায়েলের সার্বভৌমত্বে প্রতীকী সমর্থন

জেরুজালেমে দূতাবাস চালু করল কলম্বিয়া, ইসরায়েলের সার্বভৌমত্বে প্রতীকী সমর্থন

favicon
ভোরের আলো ডেস্ক:
জেরুজালেমে দূতাবাস চালু করল কলম্বিয়া, ইসরায়েলের সার্বভৌমত্বে প্রতীকী সমর্থন

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধপূর্ণ জেরুজালেম শহরে আনুষ্ঠানিকভাবে দূতাবাস চালু করেছে কলম্বিয়া। এর মধ্য দিয়ে জেরুজালেমে দূতাবাস স্থাপন করা অল্প কয়েকটি দেশের তালিকায় যুক্ত হলো দেশটি। এই পদক্ষেপকে শহরটির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বের প্রতি প্রতীকী সমর্থন হিসেবে দেখা হচ্ছে।


বুধবার (১৪ অক্টোবর) জেরুজালেমে দূতাবাস উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া ও রয়টার্স।


বিশ্বের অধিকাংশ দেশ ইসরায়েলে নিজেদের দূতাবাস তেল আবিবে পরিচালনা করে। এসব দেশের অবস্থান হলো, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের চূড়ান্ত সমাধানের অংশ হিসেবেই জেরুজালেমের মর্যাদা নির্ধারণ করা উচিত।


উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেন, ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি জেরুজালেম শহরের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ দিন।


গত জুলাইয়ে কলম্বিয়ার ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা জেরুজালেমে দেশের দূতাবাস স্থানান্তরের ঘোষণা দেন। এর মাধ্যমে ফিলিস্তিনের প্রতি তুলনামূলকভাবে সমর্থনমূলক অবস্থান নেওয়া আগের বামপন্থী সরকারের নীতি থেকে কলম্বিয়ার সরে আসার ইঙ্গিত পাওয়া যায়। আগের সরকার গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেছিল।


এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করেন। তাঁর ওই সিদ্ধান্তের পর ফিজি, গুয়াতেমালা, হন্ডুরাস, পাপুয়া নিউগিনি ও প্যারাগুয়েও একই ধরনের পদক্ষেপ নেয়।


এ ছাড়া জাতিসংঘের সদস্য নয়—এমন কসোভো ও সোমালিল্যান্ডও জেরুজালেমে নিজেদের দূতাবাস স্থাপন করেছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও দেশটির দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।


জেরুজালেমের মর্যাদা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয়। ফলে শহরটিতে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ তাৎপর্য বহন করে।