বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ‘ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ’, বললেন ছাত্রনেত্রী নেহা বোরা

‘ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ’, বললেন ছাত্রনেত্রী নেহা বোরা

favicon
ভোরের আলো ডেস্ক:
‘ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ’, বললেন ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ছাত্রনেত্রী নেহা বোরা। তাঁর দাবি, ভারতে নতুন প্রজন্মের যে গণআন্দোলন গড়ে উঠেছে, তার পেছনে বাংলাদেশের শিক্ষার্থীদের ঐতিহাসিক আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। বার্তাটি ছাত্রফ্রন্টের আনুষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশ করা হয়।


ভিডিও বার্তায় বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান নেহা বোরা। তিনি বলেন, ভারতে ছড়িয়ে পড়া জেন-জি আন্দোলনের সূচনা হয়েছিল বাংলাদেশে। মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয় তরুণদের পথ দেখানোর জন্য বাংলাদেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।


নেহা বোরা আরও বলেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে তরুণদের লড়াই এবং ভারতে তরুণদের চলমান আন্দোলনের মধ্যে মিল রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তচিন্তা বাধাগ্রস্ত করার চেষ্টা এবং ভারতের শিক্ষাব্যবস্থায় রাজনীতিকরণের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।


এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার তরুণদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন নেহা বোরা। তাঁর আহ্বান, এ অঞ্চলের তরুণদের সুন্দর ভবিষ্যৎ গড়তে একে অপরের পাশে দাঁড়াতে হবে।