বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগ, গ্রেপ্তার তরুণ

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগ, গ্রেপ্তার তরুণ

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগ, গ্রেপ্তার তরুণ

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরে বড় ধরনের হামলার পরিকল্পনা করার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত তরুণের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। তদন্তকারীদের দাবি, তাঁর কাছ থেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শ এবং ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে সহিংসতায় উসকানিমূলক তথ্যসংবলিত একটি নথি উদ্ধার করা হয়েছে।


শারদীয় দুর্গোৎসব শুরুর আগে এ গ্রেপ্তারের ঘটনা ঘটল। এর প্রায় দুই সপ্তাহ আগে ওহাইও অঙ্গরাজ্যের রিচমন্ড হাইটস এলাকায় শ্রী স্বামীনারায়ণ ভদ্রল ধাম হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে।


প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার রোলিং মেডোজের কুক কাউন্টি থার্ড মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট আদালতে পাপোরাকিসকে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ৩০ অক্টোবর তাঁর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।


প্যালাটাইন এলাকার বাসিন্দা পাপোরাকিস একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। তিনি বড় ধরনের হামলার পরিকল্পনা করছেন—এমন তথ্য এক ব্যক্তি পুলিশকে জানানোর পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়।


তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ওই ব্যক্তিকে একটি নথি পাঠিয়েছিলেন। এতে হামলার পরিকল্পনার পাশাপাশি একটি রাইফেল, রাইফেলের ম্যাগাজিন, শরীর সুরক্ষার বর্ম এবং অন্যান্য কৌশলগত সরঞ্জামের ছবি ছিল বলে অভিযোগ করা হয়েছে।


পুলিশের দাবি, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা ধারণা করছেন, গত ১১ অক্টোবর অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা করেছিলেন পাপোরাকিস।


তদন্তকারীরা আরও জানান, অভিযুক্ত তাঁর রেস্তোরাঁর সহকর্মীদের আগে থেকেই বলেছিলেন, রোববার একটি ‘বিশেষ দিন’। ঘটনার দিন সকালে তিনি এক সহকর্মীকে ফোন করে জানান, তাঁর আগ্নেয়াস্ত্রের একটি যন্ত্রাংশ আটকে গেছে এবং তিনি দ্রুত সেখান থেকে চলে এসেছেন।


ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তবে হামলার পরিকল্পনা-সংক্রান্ত অভিযোগগুলো আদালতে প্রমাণিত হওয়া এখনো বাকি।