শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বরখাস্ত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বরখাস্ত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

favicon
ভোরের আলো ডেস্ক:
দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বরখাস্ত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই বরখাস্ত হয়েছেন কেটি জাকারাইয়া। শুক্রবার (১৬ অক্টোবর) হোয়াইট হাউসের দুই কর্মকর্তা তাঁর দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই পেশাগত যোগ্যতা ও কর্মদক্ষতা নিয়ে সমালোচনার মুখে পড়েন জাকারাইয়া। এসব সমালোচনার প্রেক্ষাপটেই তাঁর বিদায় বলে ধারণা করা হচ্ছে।


শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প জানান, দায়িত্ব পালনের প্রথম কয়েক দিনেই সংবাদমাধ্যমের কঠোর সমালোচনার মুখে জাকারাইয়াকে পদে থাকা নিয়ে পুনর্বিবেচনা করতে বলেছিলেন তিনি। ট্রাম্পের ভাষ্য, এই দায়িত্বের চাপ সামলে জাকারাইয়া সুখী থাকতে পারবেন কি না, তা নিয়ে তাঁর সংশয় ছিল।


সোমবার দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলন করেন জাকারাইয়া। এরপরই তাঁর আইন পেশার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ট্রাম্প তাঁকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিলেও বৃহস্পতিবার ফক্স নিউজকে জাকারাইয়া জানান, তিনি আইনজীবীদের বার পরীক্ষায় উত্তীর্ণ হননি। যুক্তরাষ্ট্রে আইন পেশায় কাজ করতে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের বার কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।


রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য কিংবা ওয়াশিংটন ডিসিতে জাকারাইয়ার আইনজীবী হিসেবে নিবন্ধিত থাকার নথি পাওয়া যায়নি। তাঁর বরখাস্তের বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও জাকারাইয়া ও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।


নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে জাকারাইয়ার বিদায়ে গুরুত্বপূর্ণ একজন মুখপাত্রকে হারালেন ট্রাম্প। তবে নতুন প্রেস সেক্রেটারি নিয়োগের বিষয়ে তাড়াহুড়ো করছেন না বলে জানিয়েছেন তিনি।


জাকারাইয়ার মেয়াদ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিদের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্তগুলোর একটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে যোগাযোগবিষয়ক পরিচালক অ্যান্থনি স্কারামুচি মাত্র ১০ দিন দায়িত্ব পালন করেছিলেন।