সিজেপির কর্মসূচি ঘিরে গ্রেপ্তার অভিজিৎ দিপকে, মুক্তি পেলেন নেহা বোরা
ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তেরঙা কর্মসূচিকে কেন্দ্র করে আটক অভিজিৎ দিপকেকে প্রতিরোধমূলক ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।
এদিকে সিজেপির অভিযোগ, পুলিশ অভিজিৎ দিপকেকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। তাঁর সঙ্গে যোগাযোগ করার সুযোগও দেওয়া হচ্ছে না বলে দাবি করেছে দলটি।
অন্যদিকে, একই ঘটনায় আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে গ্রেপ্তার দেখানোর পর ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছিল সিজেপি। ওই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লি পুলিশ ব্যাপক ধরপাকড় চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিছিলে যোগ দিতে বাসা থেকে বের হওয়ার পর অভিজিৎ দিপকেকে আটক করা হয়।
তবে অভিজিৎ দিপকেকে কোথায় রাখা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।