নতুন মুচলেকায় শর্তসাপেক্ষ জামিনে মুক্ত ‘ককরোচ জনতা পার্টি’র প্রধান অভিজিৎ দীপকে
নতুন করে মুচলেকায় সই করার পর শর্তসাপেক্ষ জামিনে মুক্তি পেয়েছেন ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা ও প্রধান অভিজিৎ দীপকে। শনিবার (১৭ অক্টোবর) তাঁকে মুক্তি দেয় দিল্লি পুলিশ।
ঘটনার সূত্রপাত শুক্রবার। দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে দলের ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় ঝান্ডেওয়ালানে নিজের বাসভবনের কাছ থেকে তাঁকে আটক করে পুলিশ।
এর আগে গত ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দরে আটক হওয়ার পর এক বছরের জন্য শান্তি বজায় রাখার অঙ্গীকারনামায় সই করেছিলেন অভিজিৎ। পুলিশের দাবি, শুক্রবারের কর্মসূচিতে যোগ দেওয়ার চেষ্টা করে তিনি ওই মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন। এরপর শনিবার সকালে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
পরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় তাঁকে বিশেষ প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এ সময় সিজেপির আইনি বিষয়াবলির প্রধান রত্না সিং তাঁর গ্রেপ্তারের তীব্র বিরোধিতা করেন। তিনি এটিকে মৌলিক অধিকারের লঙ্ঘন বলে দাবি করেন।
রত্না সিং প্রশ্ন তোলেন, সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে জাতীয় পতাকা ওড়ানোর আহ্বান জানানো কীভাবে অপরাধ হতে পারে? শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করলে নতুন মুচলেকায় সই করে মুক্তি পান অভিজিৎ।
এদিকে ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ কর্মসূচির বিরুদ্ধে দিল্লির বিভিন্ন স্থানে বিরোধীদের বিক্ষোভ চলছিল। সেন্ট্রাল দিল্লি এলাকায় কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আন্দোলনকারীরা সেন্ট্রাল পার্কের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ অভিযান চালায়।
এ ঘটনায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাসহ প্রায় ১৫০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। নেহা বোরাকে শনিবার সকালে ছেড়ে দেওয়া হলেও সিজেপির নেতাকর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাসহ বেশ কয়েকজন তখনো পুলিশি হেফাজতে ছিলেন।
সূত্র: ইন্ডিয়া টুডে