শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › মুক্তি পেয়েই শাহরুখের ছবি পোস্ট, ২৪ ঘণ্টা ফোন-ওয়াইফাই ছাড়া থাকার অভিজ্ঞতা জানালেন অভিজিৎ

মুক্তি পেয়েই শাহরুখের ছবি পোস্ট, ২৪ ঘণ্টা ফোন-ওয়াইফাই ছাড়া থাকার অভিজ্ঞতা জানালেন অভিজিৎ

favicon
ভোরের আলো ডেস্ক:
মুক্তি পেয়েই শাহরুখের ছবি পোস্ট, ২৪ ঘণ্টা ফোন-ওয়াইফাই ছাড়া থাকার অভিজ্ঞতা জানালেন অভিজিৎ

দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েই সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রায় ২৪ ঘণ্টা ইন্টারনেট ও ফোন থেকে বিচ্ছিন্ন থাকার পর মুক্তি পেয়ে বলিউড তারকা শাহরুখ খানের একটি মজার ছবি পোস্ট করেছেন তিনি।


‘বীর-জারা’ সিনেমায় বৃদ্ধ শাহরুখ খানের যে রূপ দেখা গিয়েছিল, সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন অভিজিৎ। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘ওয়াইফাই আর ফোন ছাড়া ২৪ ঘণ্টা জেল খেটে বের হলে অনুভূতিটা ঠিক এমনই হয়!’


দিল্লির ব্যস্ত এলাকা কনট প্লেসে জাতীয় পতাকা নিয়ে ‘তেরঙ্গা যাত্রা’ আয়োজনকে কেন্দ্র করে তাঁকে আটক করে পুলিশ। ওই এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি ছিল। পাশাপাশি যানজট এবং উৎসবের সময় ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কাও ছিল।


পুলিশের পক্ষ থেকে বলা হয়, কনট প্লেসের মতো ব্যস্ত এলাকায় হঠাৎ করে বিপুলসংখ্যক মানুষের সমাগম হলে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি তৈরি হতে পারে।


আটকের সময় পুলিশের সঙ্গে অভিজিতের কথা-কাটাকাটিও হয়। এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তাঁরা কোনো আন্দোলন করতে চাননি; শুধু জাতীয় পতাকা ওড়াতে চেয়েছিলেন। তাঁর প্রশ্ন ছিল, জাতীয় পতাকা উত্তোলন কীভাবে অন্যায় বা বেআইনি হতে পারে?


জবাবে পুলিশ কর্মকর্তা তাঁকে বোঝানোর চেষ্টা করেন, জাতীয় পতাকা দেশের সম্মানের প্রতীক হলেও জনসাধারণের নিরাপত্তার বিষয়টি সবার আগে বিবেচনা করতে হবে।


পরে শান্তি বজায় রাখার শর্তে একটি মুচলেকায় সই করে শনিবার মুক্তি পান অভিজিৎ। মুক্তির পর সামাজিক মাধ্যমে শাহরুখ খানের ছবি পোস্ট করে নিজের স্বভাবসুলভ রসিকতার মাধ্যমে হেফাজতে থাকার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া