পাঞ্জাবে বজ্রসহ ভারি বৃষ্টি: ১৩ জনের মৃত্যু, আহত ৯২
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শনিবার দিনভর বজ্রসহ ভারি বৃষ্টিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৯২ জন। নিহতদের মধ্যে রয়েছেন লাহোর, ঝিলম, রাওয়ালপিন্ডি, শেখুপুরা, নানকানা সাহিব, শিয়ালকোট, মিনওয়ালি, লায়্যা ও ঝাং অঞ্চলের বাসিন্দারা।
পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, লাহোরে দেয়াল ধস ও বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ছয়জন। ঝিলমে দুইজন মারা গেছেন এবং সোলার প্যানেল ছিটকে পড়ায় ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী।
রাওয়ালপিন্ডিতে দেয়াল ধস ও বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১১ জন, যার মধ্যে একটি শিশু রয়েছে। শেখুপুরায় একটি কারখানার ছাদ ধসে একজন শ্রমিক নিহত এবং পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিডিএমএ আরও জানিয়েছে, ঝড়বৃষ্টিতে বহু কাঁচা ও জরাজীর্ণ ঘরবাড়ি ধসে পড়েছে। অনেক মানুষ অনিরাপদ স্থানে আশ্রয় নেওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে।
লাহোরে গাছ উপড়ে পড়া এবং সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। দক্ষিণ পাঞ্জাবের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববারও ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পিডিএমএ সবাইকে সতর্ক ও নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে।