বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রথমবারের মতো পতাকা উত্তোলনের অধিকার পেল ফিলিস্তিন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বার্ষিক সম্মেলনে প্রথমবারের মতো ফিলিস্তিনকে জাতীয় পতাকা উত্তোলনের অধিকার দেওয়া হয়েছে। সোমবার (২৬ মে) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে পতাকা তোলার অনুমতি দেওয়ার প্রস্তাবটি উত্থাপন করে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ। এ নিয়ে অনুষ্ঠিত প্রতীকী ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ৯৫টি দেশ।
বিরোধিতা করে জার্মানি, হাঙ্গেরি, চেক রিপাবলিকসহ কিছু দেশ। এছাড়া ২৭টি দেশ ভোটদানে বিরত থাকে। তবে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়।
এই সিদ্ধান্তকে ফিলিস্তিনের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জাতিসংঘের বিভিন্ন সংস্থায় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার পথ আরও সুগম হতে পারে এ ঘটনার মাধ্যমে।