সরকারি দায়িত্ব ছাড়লেন ইলন মাস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যয় সংকোচন নীতির কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রযুক্তি ও ব্যবসা জগতের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক।
চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইলন মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ (DOEG)–এর দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। ‘বিশেষ সরকার কর্মচারী’ হিসেবে মাস্ক প্রতি বছর সর্বোচ্চ ১৩০ দিন সরকারি দায়িত্ব পালন করতে পারেন। সে অনুযায়ী মে মাসেই তাঁর দায়িত্ব পালনের সময়সীমা শেষ হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে মাস্ক ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি বিশ্বাস করি ব্যয় সংকোচন সংস্থাটি সরকারের প্রতিটি স্তরে কার্যকর একটি অংশ হয়ে উঠবে।” তিনি আরও বলেন, “এই বিশেষ দায়িত্ব পালনের সময়সীমা শেষ হয়েছে। আমি কৃতজ্ঞ যে প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে এমন একটি গুরুত্বপূর্ণ কাজের সুযোগ দিয়েছেন।”
হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদ সংস্থা সেমাফোরকে নিশ্চিত করেছেন, বুধবার রাতেই মাস্কের এই সরকারি দায়িত্ব পালনের সময়সীমা আনুষ্ঠানিকভাবে শেষ হবে।