মক্কায় মোতায়েন ৪০ হাজার নিরাপত্তা কর্মী, বড় নিরাপত্তা মহড়ার আয়োজন
হজ ২০২৫ উপলক্ষে মক্কায় বিশাল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সৌদি সরকার ৪০ হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে। রোববার (২ মে) গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, মক্কায় নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ ও সামরিক মহড়ার মাধ্যমে হজ নিরাপত্তার প্রস্তুতি প্রদর্শন করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে হেলিকপ্টার প্রদর্শনী এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর কৌশলগত দক্ষতার ঝলক দেখা গেছে। এই মহড়ার মূল উদ্দেশ্য হজের সময় লাখ লাখ হাজির নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া প্রদানে সক্ষমতা যাচাই করা।
সৌদি আরবের পাবলিক সিকিউরিটির ডিরেক্টর ও হজ নিরাপত্তা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল বাসামি বলেন, “হজ নিরাপত্তা আমাদের ‘রেড লাইন’। আমরা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছি যাতে আল্লাহর অতিথিরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন।”
এই বছরের হজে নিরাপত্তা ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হবে। থাকবে ফেসিয়াল রিকগনিশন, ড্রোন নজরদারি এবং স্মার্ট মনিটরিং সিস্টেম। এছাড়া ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেয়া হবে।
মক্কা, মদিনা, মিনা, আরাফাত ও মুজদালিফায় এই ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি হজের সফল ও নিরাপদ আয়োজনের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।