ভারতের উত্তর-পূর্বাঞ্চলে টানা বর্ষণে প্রাণহানি ৩৪, সতর্কতা জারি
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের ফলে গত চার দিনে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) স্থানীয় প্রশাসন এবং সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিকিমে আটকে পড়া পর্যটক উদ্ধার অভিযান
হিমালয় ঘেরা সিকিম রাজ্যে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পর্যটক আটকে পড়েন। সরকারি এক বিবৃতিতে জানানো হয়, সোমবার এক হাজারেরও বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে।
মেঘালয়ে সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা
বন্যাকবলিত মেঘালয় রাজ্যে সেনাবাহিনীর দলগুলোও উদ্ধার কাজে অংশ নিচ্ছে। এখন পর্যন্ত অন্তত ৫০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আসামে বিপর্যস্ত জনজীবন
আসামের শিলচর শহরে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। রাস্তাঘাট, বাসাবাড়ি পানিতে তলিয়ে গেছে। শহরের বিভিন্ন রাস্তায় ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। স্থানীয় বাসিন্দা সোনু দেবী বলেন, “আমরা অনেক কষ্টে আছি। আমার ছোট বাচ্চার বিছানাও পানিতে ডুবে গেছে। রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না।”
আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, আগামী দিনে আরও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং উদ্ধারকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এদিকে প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং নদী তীরবর্তী ও ভূমিধসপ্রবণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।