বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › আফ্রিকায় ২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগ দান করবেন বিল গেটস

আফ্রিকায় ২০০ বিলিয়ন ডলারের বেশিরভাগ দান করবেন বিল গেটস

favicon
ভোরের আলো ডেস্ক:

আগামী ২০ বছরে নিজের প্রায় ২০০ বিলিয়ন ডলারের সম্পদের বড় একটি অংশ আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে ব্যয় করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও দাতব্য উদ্যোক্তা বিল গেটস। সোমবার (২ জুন) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আদ্দিস আবাবায় ঘোষণা

ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে অনুষ্ঠিত এক সম্মেলনে আফ্রিকান নেতৃবৃন্দ, কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের উদ্দেশে গেটস বলেন, “সরকারের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এই তহবিল ব্যবহার করা হবে।” তিনি এটিকে একটি “রোমাঞ্চকর যাত্রা” বলে উল্লেখ করেন।

স্বাস্থ্য ও শিক্ষায় অগ্রাধিকার

গেটস তার বক্তব্যে বলেন, “প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ সবচেয়ে বড় প্রভাব ফেলে।” গর্ভধারণের আগে ও পরে মা এবং শিশুর পুষ্টি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “শিশুর জীবনের প্রথম চার বছর পুষ্টির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সঠিক পুষ্টি নিশ্চিত করলে ভবিষ্যতের উন্নয়নে বিশাল পরিবর্তন আসে।”

সাহসী নেতৃত্বের প্রশংসা

বিল গেটস রুয়ান্ডা, ইথিওপিয়া, জিম্বাবুয়ে, নাইজেরিয়া, মোজাম্বিক এবং জাম্বিয়ার নেতৃত্বের প্রশংসা করে বলেন, এসব দেশ ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে সাহসী পদক্ষেপ নিয়েছে এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও প্রযুক্তি ব্যবহারে উদ্ভাবনী ভূমিকা রেখেছে।

এআই ও প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা

গেটস আরও বলেন, “আফ্রিকা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাকে পাশ কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন, যখন আপনারা ভবিষ্যতের স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছেন, তখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কীভাবে এর অংশ হতে পারে, তা ভাবার সময় এসেছে।” তিনি উদাহরণ দেন, রুয়ান্ডা ইতোমধ্যে AI-চালিত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি ব্যবহার করে গর্ভবতী নারীদের উচ্চ ঝুঁকি শনাক্ত করছে।

ফাউন্ডেশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, গেটস এই সপ্তাহে ইথিওপিয়া ও নাইজেরিয়ার সফরে যাচ্ছেন। সেখানে তিনি বিদেশি সাহায্য হ্রাসের প্রেক্ষাপটে স্বাস্থ্য ও উন্নয়নের চলমান চিত্র সরেজমিনে দেখবেন এবং আগামী দুই দশকে আফ্রিকার উন্নয়নে তার অঙ্গীকার পুনরায় নিশ্চিত করবেন।

গেটস বলেন, “আফ্রিকানদের উদ্যম ও পরিশ্রম আমাকে অনুপ্রাণিত করে। সীমিত সম্পদ সত্ত্বেও যেভাবে তারা সমাধান পৌঁছে দিচ্ছে, তা সত্যিই বিস্ময়কর।”