শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › আজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

আজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ (মঙ্গলবার, ৭ জিলহজ) শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি তাবুর শহর খ্যাত মিনায় সমবেত হয়েছেন। মিনার চারদিকে এখন মুখরিত ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনি।

সৌদি গণমাধ্যম আরব নিউজ জানিয়েছে, নিয়ম অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার পর থেকে হজযাত্রীরা ইহরাম বেঁধে মক্কার মসজিদুল হারাম কিংবা নিজ নিজ আবাসন থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন।

সৌদি হজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত পর্যন্ত মিনায় অবস্থান করছেন প্রায় ৪ লাখের বেশি হাজী। বুধবার রাতে তারা মিনায় অবস্থান করবেন এবং বৃহস্পতিবার (৫ জুন, ৮ জিলহজ) সকালে রওনা হবেন আরাফাতের ময়দানে। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান, যেটি হজের মূল রোকন হিসেবে বিবেচিত।

চলতি বছর প্রায় ১৫ লাখ মুসল্লি হজ পালন করছেন বলে জানা গেছে। মুসল্লিদের নির্বিঘ্ন হজ সম্পন্নের লক্ষ্যে সৌদি সরকার নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ নানা প্রস্তুতি।

হজের আনুষ্ঠানিকতা চলে জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত। এ সময় হজযাত্রীরা মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় বিভিন্ন ধর্মীয় আচার পালন করে থাকেন।

এদিকে, সৌদি আরবের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, এবারের হজে আরাফার দিনের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন বিশিষ্ট ইসলামি বিদ্বান শেখ সালেহ বিন হুমাইদ। তাকে খুতবা প্রদানের অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

৯ জিলহজ (৫ জুন) আরাফাতের ময়দানে এ খুতবা প্রদান করা হবে, যা বিশ্বের কোটি কোটি মুসলমান সরাসরি অনুসরণ করবেন।