বক্তৃতা চলাকালেই গুলি: কলম্বিয়ায় নির্বাচনী সভায় হামলা
কলম্বিয়ার রাজধানী বোগোটায় এক নির্বাচনী বক্তৃতার সময় গুলিবিদ্ধ হয়েছেন দেশটির রাষ্ট্রপতি প্রার্থী মিগুয়েল উরিবে টারবে (৩৯)। হামলায় তার মাথা ও হাঁটুতে তিনটি গুলি লাগে, যার মধ্যে মাথায় গুলি লাগে দুইবার। শনিবার (৭ জুন) একটি পার্কে জনসভা চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানায়, হামলার পরপরই ঘটনাস্থল থেকে ১৫ বছর বয়সী এক সন্দেহভাজন কিশোরকে আটক করেছে পুলিশ। হামলার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় বক্তৃতার সময় হঠাৎ গুলিবর্ষণ শুরু হলে উপস্থিত জনতা আতঙ্কে ছুটোছুটি শুরু করে।
প্যারামেডিক সূত্র জানায়, গুলিবিদ্ধ অবস্থায় উরিবেকে হেলিকপ্টারে করে রাজধানীর সান্তে ফে ক্লিনিকে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার স্ত্রী মারিয়া ক্লডিয়া তারাজোনা দেশবাসীর কাছে স্বামীর জন্য দোয়া চেয়েছেন।
উরিবে কলম্বিয়ার অন্যতম প্রধান রাজনৈতিক দল সেন্ট্রো ডেমোক্রেটিক পার্টি-এর হয়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন। দলটি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে “কলম্বিয়ার গণতন্ত্র ও স্বাধীনতার ওপর আঘাত” বলে মন্তব্য করেছে।
এই হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও। তিনি বলেছেন, "এটি গণতন্ত্রের ওপর সরাসরি হুমকি।"
উল্লেখ্য, মিগুয়েল উরিবে একজন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। তার বাবা একজন শ্রমিক নেতা ও ব্যবসায়ী ছিলেন, এবং তার মা ডায়ানা টারবে ছিলেন একজন খ্যাতনামা সাংবাদিক। উরিবে ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তার প্রার্থিতা ঘোষণা করেছিলেন।