ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে মৃত্যু ৬ জনের
ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৮ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
রোববার (৮ জুন) এক বিজ্ঞপ্তিতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশটিতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৩ জনে। অথচ দুই সপ্তাহ আগে, ২২ মে, সক্রিয় রোগীর সংখ্যা ছিল মাত্র ২৫৭ জন।
নতুন সংক্রমণগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালা রাজ্যে। এরপর রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লি। কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের বেশিরভাগই সর্দি-জ্বর বা ফ্লু-সদৃশ উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে গিয়ে কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ঊর্ধ্বমুখী প্রবণতা নজরে রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও প্রয়োজনে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।