খামেনিকে হত্যার পরিকল্পনার ইঙ্গিত, ইসরায়েল বলছে ‘সম্ভব’
ইসরায়েলের একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সম্ভাবনাও এখন আর পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও বিষয়টি অনেকগুলো কৌশলগত বিবেচনার ওপর নির্ভর করছে।
এই হামলার জবাবে ইরানও কয়েক দফায় পাল্টা হামলা চালায়। সর্বশেষ গতকাল শনিবার দিবাগত রাতে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৭ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো অঞ্চলেই সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল হয়ে উঠছে।
রোববার (১৫ জুন) ওয়ালস্ট্রিট জার্নালের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, “খামেনিকে হত্যা করা আমাদের নাগালের বাইরে নয়। কারণ আমরা ইতোমধ্যে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছি।" তিনি আরও বলেন, “যদি ইরান স্বেচ্ছায় তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে, তাহলে এই যুদ্ধ এখানেই শেষ হতে পারে।”
প্রতিবেদনে আরও জানানো হয়, গত দুই দিনে ইসরায়েল প্রায় ৭০টি বিমান হামলা চালিয়েছে ইরানের ৪০টিরও বেশি সামরিক স্থাপনায়। এতে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন—পরমাণু বিজ্ঞানী, আইআরজিসি (ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস) প্রধান, অ্যারোস্পেস বাহিনীর প্রধান, সেনা সদস্য এবং বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।