ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলে নিহত ১০, আহত ২০০
শনিবার মধ্যরাত ও রোববার ভোরে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় এখন পর্যন্ত ১০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম।
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তেলআবিব ও রামাত গান এলাকায় বেশ কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে, যদিও এখনো সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
হামলার আগে ইসরাইলি সেনাবাহিনী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল, তবে বর্তমানে সেই নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।
আলজাজিরা জানায়, উত্তর ইসরাইলের আরব শহরে হতাহতের সংখ্যা বেশি হওয়ার পেছনে অন্যতম কারণ হলো আশ্রয় কেন্দ্রের অভাব। শহরটিতে বেসামরিক সুরক্ষা সুবিধা সীমিত, ফলে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে বেশি হয়েছে।
নিহতদের মধ্যে উত্তর ইসরাইলের একটি আরব শহরে একই পরিবারের পাঁচজন সদস্য প্রাণ হারিয়েছেন। টাইমস অব ইসরাইল জানায়, এরা সবাই খাতিব পরিবারের সদস্য এবং শহরটি মূলত ফিলিস্তিনি-ইসরাইলি অধ্যুষিত।
অপরদিকে ভোরের হামলায় মধ্য ইসরাইলের বাত ইয়াম শহরে ৬০ বছর বয়সী এক নারী নিহত হন। দেশটির জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানায়, সেখানে আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া রেহোবোত শহরে আহত হয়েছেন দুইজন, যাদের অবস্থা গুরুতর।