মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বগাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলি হামলা, নিহত ৫৯

গাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলি হামলা, নিহত ৫৯

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলি হামলা, নিহত ৫৯

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও ৫৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণকেন্দ্রে খাবার নিতে গিয়েছিলেন। সেখানেই ইসরায়েলি বাহিনীর গুলিতে তারা প্রাণ হারান।

সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় অন্তত ১০ জন ত্রাণপ্রার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। আহতদের অনেককে রাফার রেড ক্রস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগের দিন, রোববার, দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় ১২ জন এবং উত্তর গাজার বেইত লাহিয়ায় দলবদ্ধভাবে থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে আরও সাতজনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও আটজন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই এলাকায় আবাসিক ভবনে চালানো হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার গাজার আল-আওদা হাসপাতালের চিকিৎসকরা আলজাজিরাকে জানিয়েছেন, নেটজারিম করিডোরের কাছে একটি জিএইচএফ ত্রাণকেন্দ্রে যাওয়ার পথে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আলজাজিরার সংবাদদাতা তারেক আবু আজ্জুম বলেন, “স্থানীয়রা জানিয়েছেন, গুলির আগে কোনো ধরনের সতর্কতা দেওয়া হয়নি। ফলে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।”

ফিলিস্তিনি নাগরিক আহমেদ আল-মাসরি বলেন, “ত্রাণ দেওয়ার কথা বলে মানুষজনকে ডেকে এনে সেখানে গুলি চালানো হয়েছে। এটা একটা ফাঁদ ছিল।”

নতুন করে এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। মানবিক সংকটে জর্জরিত গাজায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি।